গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৯:১২ পিএম
সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গৃহবধূর মা বাদী হয়ে বুধবার পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়ছে।
এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী হয়ে বুধবার পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় সাহাব নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নে মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সময় ঘরে থাকা ওই গৃহবধূর স্বামীকে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।
মামলার অভিযোগে জানা যায়, বিয়ের পর থেকে ওই গৃহবধূ তার বাবা বাড়িতে বসবাস করছিলেন। বাড়ির অন্য একটি কক্ষে তিনি স্বামী ও তিন বছর বয়সী ছেলে সন্তান নিয়ে থাকতেন।
ঘটনার দিন গভীর রাতে ৭-৮ জন দুর্বৃত্ত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই গৃহবধূর স্বামীকে বেঁধে মারধর করে। এর পর দুর্বৃত্ত গৃহবধূকে জোরপূর্বক অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে দাবি করা হয়, দুর্বৃত্তরা এরপর বাড়ি থেকে কিছু দূরে নিয়ে তাকে (গৃহবধূ) সংঘবদ্ধ ধর্ষণ করে। স্বজনরা খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে গৃহবধূর মা বলেন, যারা আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় সাহাব নামে একজনকে আটক করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।