কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৩:৪৬ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৬ ১৩:৪৮ পিএম
চরবিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। প্রবা ফটো
চরাঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ, কুড়িগ্রামের
উদ্যোগে জেলা শহরের ঘোষপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের
নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, দেশের বিভিন্ন নদনদীর তীরে ও চরাঞ্চলে বসবাসকারী
মানুষ দীর্ঘদিন শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও সামাজিক নিরাপত্তাসহ
মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। প্রতিবছর নদীভাঙনে হাজার হাজার পরিবার ঘরবাড়ি, কৃষিজমি
ও জীবিকার উৎস হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তবুও তাদের জন্য স্থায়ী ও কার্যকর পুনর্বাসন
ব্যবস্থা নিশ্চিত করা হয়নি।
এ অবস্থায় চরবাসীর উন্নয়ন ও পুনর্বাসনের লক্ষ্যে চর বিষয়ক মন্ত্রণালয়
গঠন, চরাঞ্চলের জন্য পৃথক বাজেট বরাদ্দ, নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের প্রকৃত ক্ষয়ক্ষতির
ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদান, স্থায়ী পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য,
যোগাযোগ, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সুবিধা সম্প্রসারণ, নদীশাসন ও টেকসই নদী ব্যবস্থাপনা
নিশ্চিতকরণ, কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা প্রদান,
চরাঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ, জাতীয় উন্নয়ন পরিকল্পনায়
চর ও নদীভাঙনকবলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার
সুরক্ষায় পৃথক আইন প্রণয়নের দাবি জানানো হয়।
জেলা প্রশাসক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের
সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘চরাঞ্চলের মানুষ দেশের কৃষি ও অর্থনীতিতে
গুরুত্বপূর্ণ অবদান রাখলেও উন্নয়নের মূলধারা থেকে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। তাদের
জীবনমান উন্নয়ন ও টেকসই পুনর্বাসনের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ নিরসনে দ্রুত বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান
জানান তিনি।
এ সময় চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল
হক রুবেল, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, নারী ও শিশুবিষয়ক অধ্যাপক নাজমুন
নাহার বিউটি, দপ্তর সম্পাদক হুমায়ুন কবিরসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।