সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ২২:১৭ পিএম
নীলফামারীর সৈয়দপুরে একটি তুলার মিল ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গোলাহাট মাংসহাটি এলাকায় নওশাদের মালিকানাধীন তুলার দোকান ও মিল থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলে মজুদ থাকা তুলা ও অন্যান্য দাহ্য সামগ্রীতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া দেখে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে একটি তুলার মিল, গোডাউন, তুলা প্রক্রিয়াজাতকরণ ইউনিট, একটি চায়ের দোকান, একটি ওয়েল্ডিং ওয়ার্কশপসহ আরও দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ বলেন, ঘটনাস্থলে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এর সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।