× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুর মরদেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র লালমনিরহাট, আহত ১৮ পুলিশ

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ২১:৫৪ পিএম

শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারীতে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এক যুবককে আটক করে থানায় নেওয়ার সময় হামলার শিকার হয়েছে পুলিশ। অভিযুক্তের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে অন্তত ১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়িসহ ৬টি সরকারি যানবাহন। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে আদিতমারী থানার ওসি নাজমুল হককে ক্লোজড করা হয়েছে।

উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত নন্দিনী রানী (৭) উপজেলার ফলিমারী গ্রামের কৃষক নলিনী চন্দ্র বর্মণের মেয়ে। সে স্থানীয় একটি ব্র্যাক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কি ঘটেছিল

পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকালে প্রতিদিনের মতো খেলতে বের হয় নন্দিনী। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর খোঁজ চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন সকালে গ্রামের জাবেদ আলীর ভুট্টাখেতে কয়েকটি ভুট্টাগাছ ভাঙা দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। পরে ভেতরে গিয়ে একটি গর্ত দেখতে পান তারা। গর্ত খুঁড়ে বস্তাবন্দী অবস্থায় নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ফলিমারী গ্রামের ধনঞ্জয় বর্মণের ছেলে বিধান চন্দ্র বর্মণকে (২৩) আটক করে।

আটকের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালায়। ভাঙচুরের পাশাপাশি তিনটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে জনতার সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উত্তেজিত লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ অন্তত ১৮ জন পুলিশ সদস্য আহত হন। 

পুলিশ ও বিজিবি মোতায়েন

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত শিশুর বাবা নলিনী চন্দ্র বর্মণ অভিযোগ করে বলেন, “সোমবার রাত ১১টার দিকে মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে আদিতমারী থানায় গেলে বিষয়টি গুরুত্ব পায়নি। দ্রুত ব্যবস্থা নেওয়া হলে হয়তো আমার মেয়েকে জীবিত পাওয়া যেত”।

তবে তিনি আরও বলেন, “বাইরের এলাকা থেকে কিছু লোক এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এবং তারাই পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরে জড়িত ছিল”।

শিশুটির মা সাবিত্রী রানী বলেন, “আমার মেয়েকে প্রলোভন দেখিয়ে বা জোর করে নিয়ে গিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই”।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের অভিযোগের সত্যতা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে”।

তিনি আরও জানান, পুলিশ ও প্রশাসনের ওপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার বলেন, “নিখোঁজ শিশুর পরিবারের অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে অবহেলার প্রমাণ পাওয়ায় আদিতমারী থানার ওসি নাজমুল হককে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এ ঘটনায় নিহত শিশুর বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা