সিলেট প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ২১:১৪ পিএম
সিলেট মহানগরীর মিছিল থেকে আটক চারজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
মহানগরীর নবাব রোড এলাকায় থেকে মঙ্গলবার সকালে তদেরেকে মিছিল থেকে আটক করা হয়।
আটকরা হলেন ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি এবং আশরাফুল আহমদ শাফি। তাদেরকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায় পুলিশ। পরে দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, নবাব রোডের পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেট অভিমুখে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়।
স্থানীয়রা জানান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খান-এর উদ্যোগে আয়োজন করা হয় এ মিছিল। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মিছিলকারীরা নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করছেন। ভিডিওতে সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে অতিক্রম করলেও তাৎক্ষণিকভাবে কোনো বাধা দেওয়ার দৃশ্য দেখা যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “মঙ্গলবার সকালে মহানগরীর নবাব রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের একটি মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে”।