এনায়েতুর রহমান, পটুয়াখালী
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ২০:৪২ পিএম
নির্মাণাধীন কালভার্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই কালভার্টের সিমেন্ট-বালুর আস্তরণ খসে পড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে ওই কালভার্টের মূল কাঠামো নির্মাণ শুরু করে এবং ঢালাইসহ রেলিংয়ের কাজ সম্পন্ন করে। এতে কালভার্টের রেলিংসহ বেশ কয়েকটি স্থানের সিমেন্ট ও বালুর আস্তরণ খসে পড়ে।
বাউফল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ঝিলনা খালের ওপর কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১১ মিটার দৈর্ঘ্য এবং ৩ দশমিক ৩ মিটার প্রস্থের কালভার্টটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৯ লাখ ৫৫ হাজার ৭৯৪ টাকা। মেসার্স মা-বাবার দোয়া নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কালভার্ট নির্মাণের কাজ পায় এবং জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।
সরেজমিন গিয়ে দেখা যায়, কালভার্টের কিছু অংশে রোড দেখা যাচ্ছে। কিছু কিছু অংশে সিমেন্ট ও বালুর আস্তরণ খসে পড়েছে।
স্থানীয় বাসিন্দা নাসির মৃধা বলেন, “আমি প্রথম বিষয়টি দেখে স্থানীয়দের জানাই। পরে সবাই এসে দেখে রেলিংয়ের বালু, সিমেন্ট খসে পড়া স্থানে নতুন করে সিমেন্ট দিয়ে চাপা দিয়ে গেছে ঠিকাদারের লোকজন। কিন্তু নতুন নতুন স্থানের সিমেন্ট ও বালু খসে পড়ছে”।
স্থানীয় শিক্ষার্থী সোহাগ বলেন, “কালভার্টটি নির্মাণের সময়ই অনিয়ম করা হয়েছে। প্রয়োজনীয় রড দেওয়া হয়নি। এমনকি সিমেন্টও কম দেওয়ার কারণে খসে পড়ে যাচ্ছে। এই কালভার্ট দিয়ে মালামাল নিয়ে যাতায়াতের সময় ভেঙে পড়তে পারে বলে মনে হচ্ছে। প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দের এই কালভার্ট নির্মাণে এভাবে দুর্নীতির আশ্রয় নেওয়া ঠিক হয়নি। আমরা চাই, কালভার্টটি ভেঙে নতুন করে নির্মাণ করা হোক”।
এ ব্যাপারে ঠিকাদারের প্রতিনিধি মো. জুয়েল বলেন, “আসলে কালভার্টটির নির্মাণে কোনো অনিয়ম হয়নি। তবে সংযোগ সড়কে ভেকু দিয়ে মাটি দেওয়ার সময় ভেকুর আঘাতে একটু ক্ষতি হয়েছে। দ্রুত এটা মেরামত করা হবে”।
এ ব্যাপারে জানতে চাইলে বাউফল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “আমি এক মাস আগে এখানে যোগদান করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখে তাৎক্ষণিক কালভার্টটি পরিদর্শন করেছি। এ নিয়ে ঠিকাদারের সাথে কথা বলেছি। কালভার্টটি ত্রুটিমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।