প্রাথমিক শিক্ষা পদক
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার এবারের আসরে নৃত্যে (বালক) প্রথম হয়েছে কুমিল্লার নির্ঝর দাস আদি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার এবারের আসরে নৃত্যে (বালক) প্রথম হয়েছে কুমিল্লার নির্ঝর দাস আদি।
ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মঙ্গলবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এর আগে ধারাবাহিকভাবে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে নৃত্যে প্রথম হয় নির্ঝর।
কুমিল্লা গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র নির্ঝর। কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ীর জীবন চন্দ্র দাস ও মাধুরী সূত্রধরের একমাত্র সন্তান সে।
নির্ঝরে মা মাধুরী সূত্রধর বলেন, “আমি আর আমার ছেলে গত এক বছর ধরে এই পুরস্কার অর্জন করার স্বপ্ন দেখে গেছি। সেই অনুযায়ী অনেক পরিশ্রম করেছে ও। আমরা তার বাবা মায়ের জায়গা থেকে যতটা পেরেছি করেছি এবং করে যাবো। অবশেষে সৃষ্টিকর্তা আমাদের পরিশ্রমে পুরস্কার দিয়েছে”।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক জেলা বাছাই কমিটির সদস্য সচিব মনসুর আলী চৌধুরী বলেন, “আমি একটু আগে মৌখিক ভাবে জানতে পারি, এবারের প্রতিযোগিতায় নির্ঝর দাস জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে। সে আমাদের জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মান বাড়িয়েছে। আমরা খুশী হয়েছি। তার সার্বিক কল্যাণ কামনা করছি”।