ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৪:৫৯ পিএম
নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের এলাকার সকল মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। প্রবা ফটো
ফেনীর নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা নিলে এ জেলায় চাকরি করতে পারবেন না। তবে বিষয়টি খতিয়ে দেখতে হবেÑ টাকাটা কোনো কম্পিউটার দোকান নিচ্ছে, নাকি পুলিশের কেউ নিচ্ছে। এ বিষয়ে আপনাদেরও নজর রাখতে হবে।
ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে প্রত্যুষ কুমার মজুমদার যোগদান করেছেন। সোমবার
(১৫ জুন) সদ্য বিদায়ী এসপি শফিকুল ইসলামের থেকে দায়িত্বভার গ্রহণ শেষে তিনি মঙ্গলবার
(১৬ জুন) সকালে ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় এসব
কথা বলেন। এতে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর সামগ্রিক বিষয়ে ধারণা
দেন সাংবাদিকরা।
বক্তব্যকালে পুলিশ সুপার আরও বলেন, আমি ফেনীর মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন
করব। যাতে করে ফেনীর মানুষ আমাকে নিয়ে খুশি থাকতে পারে। এ জেলায় অপরাধ করে কেউ ছাড়
পাবে না এবং আর কোনো নিরীহ লোককে ফাঁসানো হবে না। এই গ্যারান্টি আমি ফেনীর মানুষকে
দিচ্ছি। থানায় থানায় পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য পুলিশ অথবা বাহিরের কেউ টাকা নিলেই
ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, মাদকের চাহিদা থাকায় এটি বন্ধ করা যাবে না। তবে এটি নিয়ন্ত্রণে সর্বোচ্চ
কাজ করবে পুলিশ। কিশোর গ্যাং নিয়ন্ত্রণের জন্য পরিবার ও সমাজ থেকে সহযোগিতা নিয়ে পুলিশ
কাজ করবে। এর নিয়ন্ত্রণে আইনের পাশাপাশি সচেতনতা নিয়েও কাজ করতে হবে।
এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম, ফেনী রিপোর্টার্স ইউনিটির
সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনসহ ফেনীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে
কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।