চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৩:২৬ পিএম
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ জুন) রাতে মিরসরাইয়ের পাহাড় চূড়া থেকে এক বৃদ্ধের
এবং সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি
মরদেহের পরিচয়ই এখনো অজ্ঞাত।
পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার উত্তর ওয়াহেদপুর
ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি ঝরনা এলাকার পাহাড় চূড়া থেকে বিবস্ত্র অবস্থায়
একটি মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই বৃদ্ধকে প্রায় দুই মাস আগে হাদিফকিরহাট বাজারে
দেখা গিয়েছিল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দোকানে দোকানে খুঁজে যা পেতেন তা
খেয়ে জীবনধারণ করতেন।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, স্থানীয়রা পাহাড়ে মরদেহ
পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি মানসিক ভারসাম্যহীন
ছিলেন। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি
ইউনিয়নের জোড়আমতল এলাকার সাগর উপকূলে জোয়ারের পানিতে আনুমানিক ৩৫ বছর বয়সি এক যুবকের
অর্ধগলিত মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে মানবিক সংগঠন গাউছিয়া
কমিটির সমন্বয়ক মো. নাছির উদ্দীনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি
উদ্ধার করে কুমিরা নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
গাউছিয়া কমিটির সমন্বয়ক মো. নাছির উদ্দীন জানান, যুবকের শরীরে
আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি বিকৃত ও অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে
সে মারা গেছে।
কুমিরা নৌ পুলিশের এসআই মো. আব্দুল ওয়াহেদ বলেন, মরদেহটি অর্ধগলিত
থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে। পরিচয় উদঘাটন ও মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত শুরু হয়েছে।