চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১১:৫১ এএম
প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন বিপিডিব’র প্রকৌশলীরা। প্রবা ফটো
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের চট্টগ্রাম কম্পিউটার সেন্টারের সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রকৌশলীরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম
কেন্দ্র এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) চট্টগ্রামের যৌথ উদ্যোগে
আইইবি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য
গুরুত্বপূর্ণ সেবাখাতে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু দায়িত্ব
পালনের সময় অনেক প্রকৌশলীকে নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করতে হচ্ছে। কর্মক্ষেত্রে প্রকৌশলীদের
ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।
বক্তারা সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,
সরকারি সেবামূলক কাজে নিয়োজিত কর্মকর্তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ ধরনের ঘটনা শুধু একজন কর্মকর্তার ওপর আক্রমণ নয়, বরং রাষ্ট্রীয় সেবা কার্যক্রমকে
বাধাগ্রস্ত করার শামিল।
তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির
দাবি জানান। একই সঙ্গে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা
রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলম, সম্মানী
সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান, কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. নুরুল আলম, প্রকৌশলী
কাজী আরশাদুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা এতে
অংশ নেন।