× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সততা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করবো: ইঞ্জিনিয়ার বেলায়েত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও সিডিএ ও চট্টগ্রাম নগরের স্বার্থ রক্ষা করবেন। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে নগরবাসীর কল্যাণে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।

রবিবার (১৪ জুন) সকালে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সিডিএ চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হলেও জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়হীনতার কারণে নগরীর সম্ভাবনা পুরোপুরি বিকশিত হচ্ছে না। এসব সমস্যা সমাধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা, বিদ্যুৎ, গ্যাস ও ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে সিডিএ।

তিনি বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনভোগান্তি কমানো এবং টেকসই উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে পাহাড়-প্রকৃতি সংরক্ষণ করে পরিকল্পিত নগরায়ণের ওপর জোর দেওয়া হবে।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, সিডিএ’র কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। নগরকে সাজাতে হবে বৈজ্ঞানিক ও যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমে। এজন্য নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, গবেষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, অপরিকল্পিত উন্নয়ন কখনোই স্থায়ী সুফল বয়ে আনে না; বরং তা ভবিষ্যতে বোঝা হয়ে দাঁড়ায়। তাই পরিকল্পিত ও জনমুখী উন্নয়নের মাধ্যমে আধুনিক, বাসযোগ্য ও টেকসই চট্টগ্রাম গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য।

উল্লেখ, গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সিডিএ’র চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের কাইছের গো নতুন বাড়ির মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে ইঞ্জিনিয়ার বেলায়েত ১৯৭৭ সালে এসএসসি, ১৯৭৯ সালে এইচএসসি এবং ১৯৮৫ সালে চট্টগ্রাম পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

তাঁর রাজনৈতিক যাত্রা শুরু ছাত্রদল থেকে। ১৯৮৪ সালে তিনি চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের সভাপতি, ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পলিটেকনিকের নির্বাচিত জিএস ছিলেন। এরপর তিনি বিএনপি সন্দ্বীপ উপজেলার সহসভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য, সন্দ্বীপ উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে সন্দ্বীপ উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।

২০১৪ সালে তিনি বিএনপির মনোনয়ন পান সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান পদে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা অবস্থায় দল তাঁকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।

ফ্যাসিবাদের আমলে তার বিরুদ্ধে ২০০৮ সালে প্রথম দুটি মামলা হয়। এরপর ২০১২ সালে ২টি, ২০১৩ সালে ৪টি, ২০১৫ সালে ৪টি, ২০১৭ সালে ৩টি, ২০১৮ সালে ১১টি, ২০১৯ সালে ৩টি এবং ২০২০ সালে ৫টি মামলা হয়। এসব মামলায় তিনি বহুবার গ্রেপ্তার, কারাবন্দিত্ব ও রিমান্ডে নির্যাতনের শিকার হন। রাজনীতির কারণে দীর্ঘ বছর পরিবার থেকেও বিচ্ছিন্ন থাকতে হয়েছে তাঁকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা