চিকিৎসাসেবার উন্নয়নে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন তিন এমপি। প্রবা ফটো
চিকিৎসাসেবার উন্নয়নে রংপুরের তিন এমপি রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল পরিদর্শন করেছেন। রবিবার (১৪ জুন) সকালে রংপুর-৩ আসনের এমপি মাহবুবার রহমান বেলাল, রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী ও রংপুর-৫ আসনের এমপি গোলাম রব্বানী হাসপাতাল পরিদর্শন করেছেন।
এ সময় তারা হাসপাতালের আউটডোর, বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন রোগী-স্বজন, দায়িত্বপ্রাপ্ত নার্স, চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এমপিরা হাসপাতালের জনবল সংকট, বিকল যন্ত্রপাতি, অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধানে স্বাস্থ্যমন্ত্রী ও সংসদে উপস্থাপন করবেন বলে জানান।
পরিদর্শনের সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, উপ-পরিচালক ডা. মোকাদ্দেম আলীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী বলেন, এ হাসপাতালে রংপুর বিভাগের ৮ জেলাসহ অন্য বিভাগের রোগীরা চিকিৎসা নিতে আসেন। এতে ২৬টি এক্সরে মেশিনের মধ্যে ২টি সচল, মেরামতযোগ্য ৪টি ও অচল ২৪টি রয়েছে। ৩টি সিটি স্ক্যান মেশিনের মধ্যে ১টি সচল ও ২টি মেরামতের অযোগ্য। ৩টি এনআরআই মেশিনের মধ্যে ১টি সচল ও ২টি মেরামতের অযোগ্য। ১৩টি আল্ট্রাসনোগ্রাম মেশিনের মধ্যে ৩টি সচল ও ১০টি মেরামতের অযোগ্য। এসব যন্ত্রপাতি নিয়ে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়।
রংপুর-৩ আসনের এমপি মাহবুবার রহমান বেলাল বলেন, হাসপাতালে দালাল, সিন্ডিকেট, আউসোর্সিং জনবল নিয়ে সমস্যা রয়েছে। আমরা তিনজন সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শন করে এর ফলাফল স্বাস্থ্যমন্ত্রীকে জানাব। তিনি রমেক হাসাপাতালে প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি বরাদ্দ করেন। এ ছাড়া এত বড় হাসপাতালে নিরাপদে কাজ করার জন্য একটি পুলিশ ফাঁড়ি প্রয়োজন। এটি নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
রংপুর-৫ আসনের এমপি গোলাম রব্বানী বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে রংপুরের স্বাস্থ্যসেবার দুরবস্থা নিয়ে কথা বলেছি। তিনি বাজেট ঘোষণার পর দেশে ১ লাখ জনবল নিয়োগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
এর মধ্যে কিছু ডাক্তার ছাড়া বাকি সবাই বিভিন্ন পর্যায়ের জনবল থাকবে। এ ছাড়া প্রতিটি উপজেলায় তিনি ৫০ শয্যা থেকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীতকরণে কাজ করছেন। আশা করছি রমেক হাসপাতালের সমস্যাগুলো দূর হবে।