খুলনা অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার পর পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি। প্রবা ফটো
টানা অনিশ্চয়তা ও অচলাবস্থার শঙ্কার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় ঘোষিত পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার পর এ সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি।
মতবিনিময় সভায় প্রশাসন ও বাস মালিকদের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। আলোচনার পর উভয় পক্ষ সমঝোতায় পৌঁছে ধর্মঘট এক মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে।
রূপসা বাস মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পর বাগেরহাট জেলা প্রশাসকের সঙ্গে তাদের দাবি ও কর্মসূচি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক মালিক সমিতির দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন এবং বিষয়টি সমাধানে এক মাস সময় চেয়ে অনুরোধ জানান। প্রশাসনের আশ্বাসে সাড়া দিয়ে বাস মালিক সমিতি ধর্মঘট স্থগিত করে।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বিআরটিএ এবং বাস মালিক সমিতির সঙ্গে আলোচনার পর মালিক সমিতি তাদের চলমান ধর্মঘট এক মাসের জন্য স্থগিত করেছে।