ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীর ভাঙন রোধে বাদুরতলা এলাকায় জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করেন এমপি রফিকুল ইসলাম জামাল। প্রবা ফটো
ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী জনপদ। ভাঙন রোধে জরুরি উদ্যোগ হিসেবে বাদুরতলা এলাকায় জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
রাজাপুর উপজেলার বাদুরতলা বাজার সংলগ্ন বিষখালী নদীর তীরে রবিবার (১৪ জুন) জিও ব্যাগ ফেলার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ। নদীভাঙনে ঝুঁকিপূর্ণ বাদুরতলা লঞ্চঘাট থেকে প্রাথমিকভাবে প্রায় এক কিলোমিটারে ৫০ হাজার জিও ব্যাগ ফেলা হবে।
বিষখালী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। ভাঙনের কারণে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, গত ১৫ দিন আগে এখানে একটি বড় ধরনের ভাঙন হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পানিমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে আলোচনা করে আপাতত জিও ব্যাগ ফেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভাঙন রোধে এটি একটি জরুরি ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুপুর, রাজাপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হক নান্নুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।