গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
গোপালগঞ্জ জেলা শহরের পাচুড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালের মধ্যে পড়ে যায়। প্রবা ফটো
গোপালগঞ্জ জেলা শহরের পাচুড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালের মধ্যে পড়ে গেছে। এ সময় একটি ইজিবাইক ও বাইসাইকেলও পড়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার এবং ইজিবাইক চালক আহত হয়েছেন।
এ ঘটনার পর থেকে গোপালগঞ্জ জেলা শহরের প্রধান সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে জেলাবাসী। তবে পরে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে বালুভর্তি ট্রাকটি জেলা শহরের পাচুড়িয়া ব্রিজ দিয়ে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। বেইলি ব্রিজটি পার হওয়া সময় ব্রিজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এ সময় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও পড়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার এবং ইজিবাইক চালকসহ তিনজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে খালের মধ্যে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার প্রক্রিয়া শুরু হয়নি।
গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বিষয়টি শুনেছি। ইতোমধ্যে সড়ক বিভাগ কাজ শুরু করেছে। ভেঙে পড়া বেইলি ব্রিজটি পুনরায় ওই স্থানে স্থাপন করা হবে। এতে সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।
ডাইভারশন সড়ক নির্মাণ না করে শহরের মধ্যে ব্রিজ নির্মাণ প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, জায়গা না থাকায় টেন্ডারে ডাইভারশন সড়ক অবশন রাখা হয়নি। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।