নারায়ণগঞ্জে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ সময় এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহতের অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, মাদক কারবারি মনির ওরফে ফাইটার মনিরসহ তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া বাকি দুই যুবক হলেন, নাঈম ও মাসুম।
ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক।
তাদের শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাসদাইর গুদারাঘাট এলাকায় ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়।
এ সময় ১৫ কেজি গাঁজাসহ ফাইটার মনির এবং তার সহযোগী মাসুম ও নাঈমকে আটক করা হয় বলেও জানায় পুলিশ।
পুলিশ দাবি করে, আটকের খবর পেয়ে মনিরের সহযোগীরা তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
আত্মরক্ষার্থে পুলিশও দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে বলেও জানায় পুলিশ।
এ সময় হামলাকারীদের ছোড়া গুলি ফাইটার মনিরের পায়ে লাগে এবং পাঁচ পুলিশ সদস্যও আহত হন, দাবি পুলিশের।
পরে পুলিশের পাল্টা প্রতিরোধে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানায় পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি মনির ও তার দুই সহযোগীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
তবে তাদের ছাড়িয়ে নিতে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ শটগান থেকে দুই রাউন্ড গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।