খুলনার একটি মসজিদে দুর্বৃত্তদের গুলিতে মসজিদ কমিটির সেক্রেটারিসহ দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় ফজরের নামাজ শেষ হওয়ার পর মসজিদের ভেতরে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
এতে মসজিদ কমিটির সেক্রেটারিসহ দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন।
গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং একই এলাকার আলম মন্ডল (৫৫)।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় বলেও জানান তারা।
স্থানীয়রা ও অন্যান্য মুসল্লিরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে লোকমান হাকিমের মাথায় গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ ও ডান হাতের বাহুতে গুলি লাগে বলে জানা গেছে।
বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি আপাতত আশঙ্কামুক্ত।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।