সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী। প্রবা ফটো
শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে থাকা প্রায় সাড়ে ৮৩ হাজার মামলার জটিলতার কারণে শিক্ষক নিয়োগ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিগত সরকার উৎসব ভাতা ও কল্যাণ ভাতা খাত থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে শনিবার (১৩ জুন) মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়তে একটি শিক্ষিত জাতি বিনির্মাণে কাজ করতে চান। এই ভাবনার সাথে আপনারাও তাল মিলিয়ে চলবেন। তিনি বলেন, সিলেবাস শেষ হওয়ার সাথে সাথে যেন পরীক্ষা শুরু হয়, সেশনজট দূর করা এবং ১৮ বছরের মধ্যে যেন সবাই উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে পারে সে লক্ষ্যে এসএসসি পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘২০২৭ সালের বইগুলো আমরা পরিমার্জন করে দিচ্ছি, ২০২৮ সালের কারিকুলামে অনেক পরিবর্তন আনব। বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন করা হবে। আমরা শত বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করব। জুলাইয়ের পর থেকে সমগ্র বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য পোশাক ও মিড ডে মিল চালু করা হবে।’ মন্ত্রী আরও বলেন, আনন্দময় শিক্ষাব্যবস্থা চালু করতে চাচ্ছি। শিক্ষা মানে জিপিএ-৫ আর সারাদিন বই পড়া নয়। শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, আমরা তোমাদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। সোনারগাঁয়ে একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের কাজ চলছে। আগামীতে শিক্ষার বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।