আহত আরিফ আকন। প্রবা ফটো
দুপুরে হুমকি দেওয়ার পর বিকালে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফ আকনকে। বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবক।
এর আগে শুক্রবার (১২ জুন) বিকালে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আরিফ আকন ওই গ্রামের মৃত রফিকুল ইসলাম আকনের একমাত্র ছেলে। কয়েক মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ আকনের বাম হাত ভেঙে প্রায় অকেজো হয়ে যায়।
আরিফের বড় বোন তিরা মনি বেগম বলেন, তাদের পুরনো বাড়ির সম্পত্তি জোরপূর্বক দখল করে বাথরুম নির্মাণ করে প্রতিবেশী আনোয়ার আকনের ছেলে নসিমনচালক রুবেল আকন। বিষয়টি তার ভাই জানতে পেরে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে রুবেলকে না পেয়ে তার পরিবারের সদস্যদের নির্মাণাধীন বাথরুম সরিয়ে নেওয়ার জন্য বলেন। ওইদিন দুপুরে রুবেল বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে আরিফ আকনকে হত্যার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে পরিকল্পিতভাবে রুবেল ও তার কয়েকজন সহযোগীরা আরিফ আকনকে বাড়ির পাশে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তারা লোহার রড দিয়ে আরিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করে। একপর্যায়ে মৃত ভেবে আরিফকে ফেলে হামলাকারীরা চলে যায়।
খবর পেয়ে আরিফের বিধবা মাসহ প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।