নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী। প্রবা ফটো
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এ পরিকল্পনার আওতায় স্বাস্থ্যকর্মীরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রাথমিক সেবা প্রদান করবেন।
পরবর্তীতে প্রয়োজন মনে হলে তবেই রোগীকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হবে। এভাবে দেশব্যাপী চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার পরিচালনা করছি। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে চাই। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। তিনি আরও বলেন, আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ-দ্বীনের পক্ষে কথা বলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।