নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
চ্যাম্পিয়ন ও রানার-আপের ট্রফি ও প্রাইজমানির অর্থ তুলে দেন অতিথিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম মো. রফিকুল ইসলাম দেনু মিয়ার স্মরণে আয়োজিত দেড় লাখ টাকা প্রাইজমানির ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত জমকালো এই ফাইনালে নবীনগর পূর্বাঞ্চল নশরা বাড়ি ফুটবল একাদশের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে গাঙ্গেরকোটের বজলুর রহমান স্পোর্টিং ক্লাব।
প্রায় দেড় যুগ পর নবীনগরে এত বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। ফাইনাল খেলাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকা হাজারো দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।
উপজেলা শ্রমিক দল ও নবীনগর সিটি ফুটবল ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বাসক ও দেলোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি মো. জাবেদুল ইসলাম (জাবেদ)। টুর্নামেন্ট পরিচালকের দায়িত্ব পালন করেন নবীনগর সিটি ফুটবল ক্লাবের কর্ণধার মো. জাহিদুল ইসলাম (জাহিদ)।
দেশি, বিদেশি ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় বজলুর রহমান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে নশরা বাড়ি ফুটবল একাদশ সমতায় ফেরার চেষ্টা চালিয়ে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় বজলুর রহমান স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানির অর্থ তুলে দেন। টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মো. সেলিম এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রিমন।