কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ৫৮ মিনিট আগে
ভারত-বাংলাদেশ সীমান্ত। ফাইল ছবি
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান দত্তগ্রামের মৃত অজিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারী বৃষ্টিপাতের সুযোগে মুজিবুর রহমানসহ কয়েকজন দত্তগ্রাম সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মুজিবুর রহমান গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা অন্যরা প্রাণভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে আসতে সক্ষম হন।
কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, দত্তগ্রাম সীমান্তে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস জানান, নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর রহমান ভারতীয় সীমানায় প্রবেশ করলে বিএসএফ তাকে গুলি করে।
এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।