× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

রংপুর অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

রংপুর মহানগরীর কোতোয়ালি থানা। ছবি: সংগৃহীত

রংপুর মহানগরীর কোতোয়ালি থানা। ছবি: সংগৃহীত

রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের ঘটনায় ছয় কর্মকর্তাসহ ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে শুক্রবার (১২ জুন) রাতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় মামলার তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেনÑ এসআই মাসুদ রানা, আলম বাদশা ও আক্তারুল ইসলাম, এএসআই মনিরুল ইসলাম, আরিফুল ইসলাম ও মেহেরুন্নেসা এবং কনস্টেবল মুশফিকুর রহমান, মুখলেসুর রহমান, রাকিব আহমেদ, লিমা সরেন ও ভাবনা রানী।

বরখাস্ত আদেশে উল্লেখ করা হয়, গত ৩ জুন কোতোয়ালি থানায় সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমাকে সভাপতি করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি অভিযোগ, সংশ্লিষ্ট নথিপত্র, সাক্ষ্য-প্রমাণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই ১১ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে একই ঘটনায় তৎকালীন ওসি আজাদ রহমানসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পরে ওসি আজাদ রহমানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের আগে নগরীর সিও বাজার এলাকার এক প্রেমিকযুগল নিখোঁজ হলে তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। যুগলকে উদ্ধারের পর ৩ জুন সন্ধ্যায় কোতোয়ালি থানায় আনা হয়। বিষয়টি মীমাংসার জন্য স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা থানায় যান। তাদের মধ্যে ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব।

রাকিবুল ইসলামের অভিযোগ, থানায় গিয়ে তিনি দেখেন এক পুলিশ সদস্য ওই যুগলকে মারধর করছেন। তিনি আপত্তি জানিয়ে বিষয়টি দলের এক নেতাকে জানাতে মোবাইল ফোন বের করলে ওসি ও কয়েকজন পুলিশ সদস্য তার ওপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। এতে তিনি আহত ও রক্তাক্ত হন। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর আহত রাকিবুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই ওই প্রেমিকযুগলকে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা