শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
শেরপুরে সাইফ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শ্রীবরদী-শেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। প্রবা ফটো
শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আল মুহতাছিম সাইফ (১৭) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।
শ্রীবরদী-শেরপুর সড়ক অবরোধ করে শুক্রবার (১২ জুন) দুপুরে এ বিক্ষোভ করা হয়। প্রায় ২ ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে শেরপুর সদর থানার ওসি সোহেল রানার আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
এর আগে, গত সোমবার (৮ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফের মৃত্যু হয়। নিহত সাইফ শেরপুর পৌর এলাকার দমদমা কালিগঞ্জ মহল্লার বাসিন্দা শিক্ষক আব্দুল মালেকের ছেলে। সাইফ শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২৯ মে বিকেল ৪টার দিকে শেরপুরের তাতালপুর বিএম রোড এলাকায় গাছের ছায়ার নীচে দাঁড়িয়ে ছিলেন সাইফ। এ সময় নাঈম মিয়া (১৯), পাপ্পু (২০) স্বপন (২১) ও আরমান (২০) একই স্থানে দাঁড়িয়ে ছবি তুলবে বলে সাইফকে সরে যেতে বলে। সাইফ সরে যেতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১০-১৫ জনকে ফোনে ডেকে এনে দেশীয় অস্ত্র দিয়ে সাইফকে মারধর ও রাস্তার পাশে জমে থাকা ফসলি জমির পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় সাইফের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত সাইফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে লাইফসাপোর্টে থাকার পর সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করেন সাইফের মা রেবেকা সুলতানা।
শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, শিক্ষার্থী সাইফ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করি দ্রুত মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া বলেন, কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।