মানিকগঞ্জ ও সাটুরিয়া প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পর্যটনমন্ত্রী। প্রবা ফটো
নারীদের গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাব এবারের বাজেটে রাখা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তা বাস্তবায়ন করবেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে শুক্রবার (১২ জুন) দুপুরে আয়োজিত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশের মানুষ ও দেশের স্বার্থেই এবারের বাজেট পেশ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এর মধ্যে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ ১৮টি বিদ্যালয় ১৮টি প্রকল্প উপস্থাপন করেছি। এগুলো যেন চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বাস্তবে রূপ দিতে হবে। প্রয়োজনে একটি প্রকল্প হলেও বাস্তবায়ন করো। এতে আমি তোমাদের পাশে থাকব। আমি চাই, তোমরা সাটুরিয়া থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করো এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার পাও।
অনুষ্ঠান শেষে মন্ত্রী শ্রেষ্ঠ বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।