সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
সোনারগাঁওয়ে মোবাইলের দোকানে চুরি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রিন্সিপাল হানড্রেড শপিংমলের একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মোবাইল ফোনের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।
সোনারগাঁ থানায় শুক্রবার দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক আমিনুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত প্রিন্সিপাল হানড্রেড শপিংমলের পঞ্চম তলায় অবস্থিত আমিনুল টেলিকম বন্ধ করে বাসায় যান আমিনুল। পরদিন শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে দোকানের কর্মচারী শাওন কল করে চুরির বিষয়টি জানায়। খবর পেয়ে দ্রুত মার্কেটে এসে তিনি দেখতে পান, দোকানের শাটারের তালা কেটে ফেলা হয়েছে এবং সেখানে নতুন একটি তালা লাগানো রয়েছে। পরে দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, শোকেস ও স্টোরে থাকা সব মোবাইল ফোন এবং ক্যাশবাক্সের নগদ টাকা উধাও।
দোকান মালিকের দাবি, চুরি হওয়া মালামালের মধ্যে বিভিন্ন মডেলের ১২০টি আইফোন এবং ২৬টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে। এছাড়া ক্যাশবাক্সে থাকা ছয় লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার পর মার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি দোকানের ভেতরে প্রবেশ করে মোবাইল ফোনগুলো নিয়ে বের হয়ে যান। তবে ওই ব্যক্তি একাই ছিলেন নাকি তার সাথে অন্য কেউ জড়িত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, “দীর্ঘদিনের ব্যবসার সব পুঁজি দোকানে ছিল। চুরির ঘটনায় আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে চোরকে শনাক্ত ও মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি”।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।