কিশোরগঞ্জ সদর উপজেলার সল্প যশোদল নোয়াপাড়া এলাকার মাঠে শুক্রবার অনুষ্ঠিত ফুটবল খেলার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে উৎসবের আমেজ। প্রবা ফটো
কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম মো. মালি হোসেন স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা। স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
সদর উপজেলার যশোদল ইউনিয়নের সল্প যশোদল নোয়াপাড়া এলাকার মাঠে শুক্রবার (১২ জুন) বিকেলে অনুষ্ঠিত জমজমাট এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। খেলা শুরুর অনেক আগেই দর্শকদের উপস্থিতিতে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠজুড়ে ছিল উৎসব, উচ্ছ্বাস ও প্রতিযোগিতার আবহ।
মরহুম মো. মালি হোসেন স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় মাই ড্রিমস্ স্পোর্টিং ক্লাব ও নোভা ফুটবল একাডেমি। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে উভয় দলই শুরু থেকেই আক্রমণাত্মক ও গতিময় ফুটবল উপহার দেয়। দৃষ্টিনন্দন পাসিং, নিখুঁত বল নিয়ন্ত্রণ ও আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে অত্যন্ত উপভোগ্য। নির্ধারিত সময়জুড়ে দর্শকদের করতালি ও সমর্থনের ধ্বনিতে মুখরিত ছিল পুরো মাঠ। শেষ পর্যন্ত নোভা ফুটবল একাডেমিকে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাই ড্রিমস্ স্পোর্টিং ক্লাব। রানারআপ হয় নোভা ফুটবল একাডেমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার যশোদল ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ আহমেদ শরীফ। প্রধান অতিথি ছিলেন যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন। উপস্থিত ছিলেন, যশোদল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক মাহমুদ রায়হান, সদর থানা শ্রমিক দলের সভাপতি স্বপন মিয়া, থানা বিএনপির সাবেক কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় রহমতুল্লাহ বলেন, টুর্নামেন্টে এই অর্জন আমাদের দলের সকল খেলোয়াড়, কোচ ও সমর্থকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। রানারআপ নোভা ফুটবল একাডেমির খেলোয়াড় ফয়সাল আহমেদ বলেন, যদিও শিরোপা জিততে পারিনি, তবুও এমন সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।
আয়োজক কমিটির মোহাম্মদ আরমান ও রাকিব জানান, মরহুম মো. মালি হোসেনের স্মৃতিকে ধরে রাখা এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে সদর উপজেলার যশোদল ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ আহমেদ শরীফ বলেন, এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি সামাজিক উদ্যোগ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।