পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর দশমিনায় বিষধর সাপের কামড়ে আরিয়ান (১০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আরিয়ন একই গ্রামের বাসিন্দা আরমান মিয়ার ছেলে।
সাপের কামড়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শওকত ওসমান।
পরিবার ও স্থানীয় জানায়, বৃহস্পতিবার রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল আরিয়ান। হঠাৎ শিশুটির চিৎকার শুনে তার বাবা-মা জেগে ওঠেন। পরে ঘরের বাতি জ্বালিয়ে দেখতে পান একটি বিষধর সাপ ঘরের মেঝেতে ঘুরে বেড়াচ্ছে। এ সময় তাদের চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে দ্রুত আরিয়ানকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শওকত ওসমান বলেন, “ বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের লোকজন বলে তাকে সাপে কেটেছে। পরীক্ষা করে শিশুটির হাতে সাপের কামড়ের চিহ্ন পাওয়া যায়। তবে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছিল।
শিশুটির বাবা আরমান মিয়া বলেন, “রাতে আমাদের পাশেই আমার ছেলে আরিয়ন ঘুমিয়ে ছিল। হঠাৎ তার চিৎকার শুনে আমরা জেগে উঠি। ঘরের বাতি জ্বালিয়ে দেখি তার পাশে একটি জাত সাপ রয়েছে। পরে প্রতিবেশীদের সহায়তায় সাপটিকে মেরে ফেলা হয়। কিন্তু এরই মধ্যে আমার সন্তানের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে”।