× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্যটন ভিসা চালুর আশ্বাস ভারতের নতুন হাইকমিশনারের

যশোর ও বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩১ মিনিট আগে

বেনাপোল স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। প্রবা ফটো

বেনাপোল স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। প্রবা ফটো

বাংলাদেশ ও ভারতের আকাশ ও বাতাস একই; দুই দেশের মানুষের যন্ত্রণা একই রকম। এমনটা মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন। শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পা রেখেই সৌহার্দ্য বাড়াতে দ্রুত পর্যটন ভিসা চালু করার আশ্বাস দেন তিনি।

বেনাপোল স্থলবন্দর দিয়ে শুক্রবার (১২ জুন) সকালে স্ত্রী মৃণাল ত্রিবেদীসহ বাংলাদেশে প্রবেশ করেন হাইকমিশনার। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে ঢাকা আসেন। 

বেনাপোলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, ‘ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা।’ এখানে বাংলা বলতে তিনি বাংলাদেশকে বুঝিয়েছেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে মিলেমিশে কাজ করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, এর সঙ্গে আমি বাংলাদেশের ২০ কোটি মানুষকেও যুক্ত করছি। এই ১৬০ কোটি মানুষের শক্তি এক হলে তা বিশ্বশক্তিতে পরিণত হবে। এই বিপুল জনশক্তির জন্য যা কিছু মঙ্গলজনক, আগামী দিনে আমরা তা-ই করব।’

প্রযুক্তি ও অন্যান্য খাতে সহযোগিতার কথা উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রযুক্তিগত উদ্ভাবন যা হচ্ছে, তা ভারত-বাংলাদেশ মিলেই হচ্ছে। খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিÑ সব খাতে আমরা মিলেমিশে কাজ করব।’

সাম্প্রতিক সময়ে সীমান্তে ‘পুশইন’ নিয়ে উত্তাপ এবং ভিসা ও বাণিজ্যে বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে নতুন হাইকমিশনার বলেন, দুই দেশের জন্য ভালো হয়, সামনের দিনে এমন পদক্ষেপই নেওয়া হবে। তার দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতের কূটনৈতিক প্রথায় সাধারণত অভিজ্ঞ ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তাদের হাইকমিশনার পদে নিয়োগ দেওয়া হলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিককে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাল ভারত।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠতা এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণার কারণেই দীনেশ ত্রিবেদীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠানো হয়েছে। গুজরাটি ব্যবসায়ী পরিবারের সদস্য হলেও তিনি চমৎকার বাংলা বলতে পারেন। 

রাজনৈতিক জীবনে প্রথমে কংগ্রেস ও পরে জনতা দলের নেতা ছিলেন দীনেশ ত্রিবেদী। এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন। ইউপিএ সরকারের আমলে তিনি ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে তৃণমূলের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, তার এই নিয়োগ দুই দেশের চলমান নানা সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা