খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার উল্টাছড়ি বিহার পাড়ায় নারী, যুব ও শিক্ষার্থীদের অংশগ্রহণের ব্যতিক্রমী গাছের চারা লাগানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার উল্টাছড়ি বিহার পাড়ায় নারী, যুব ও শিক্ষার্থীদের অংশ নেওয়ার মধ্য দিয়ে ব্যতিক্রমী কমিউনিটি সম্পৃক্ত গাছের চারা লাগানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয়দের নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উল্টাছড়ি বিহার পাড়ায় শুক্রবার (১২ জুন) সকালে বসতভিটা, ঝিরি, ঝরনা ও ছড়া সংলগ্ন স্থানে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব ও বিভিন্ন ফলের গাছের চারা লাগানো হয়। এ সময় বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নেন।
এ সময় ইউএনডিপির উপজেলা ফ্যাসিলিটেটিং অ্যাসোসিয়েট অংক্যছেন মারমা, বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুকেতন চাকমা, মহালছড়ি উপজেলা ফ্যাসিলিটেটর নকুল ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে শুধু সবুজায়ন বৃদ্ধি নয়, বরং ভূমিক্ষয় রোধ, জলাধার সংরক্ষণ, জীববৈচিত্র্য পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের আসল উদ্দেশ্য। পাশাপাশি পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে একটি সবুজ, টেকসই ও জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।