কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট এবং বৃত্তির অর্থ তুলে দেন অতিথিরা। প্রবা ফটো
‘মেধার স্বীকৃতি, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলার কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ। শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জের সহ-সভাপতি ও ইউনাইটেড কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মাসুদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থটের (আইআইআইটি) কান্ট্রি ডিরেক্টর এবং ইউনিভার্সিটি অব ইন্টিগ্রেটেড থট (ইউআইটি) ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক এম. আব্দুল আজিজ পিএইচডি। বিশেষ অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত দারুসসালাম মসজিদের খতিব ও দারুসসালাম একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ এরশাদ উল্লাহ।
স্বাগত বক্তব্যে ড. মাসুদুর রহমান সংগঠনের বিভিন্ন মানবিক, শিক্ষাবিষয়ক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ শুধু বৃত্তি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছি। ভবিষ্যতেও শিক্ষা, মানবিক উন্নয়ন ও সামাজিক কল্যাণে জেলার মানুষের পাশে থাকবে আমাদের সংগঠন।
বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ মোহাম্মদ এরশাদ উল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত। এই মেধাকে সঠিক শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে বিকশিত করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, একজন আদর্শ মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম. আব্দুল আজিজ বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি হলো শিক্ষিত, দক্ষ ও মেধাবী তরুণ প্রজন্ম। তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করা অত্যন্ত প্রয়োজন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হলে মিলনায়তনে উপস্থিত অভিভাবক ও অতিথিরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট এবং বৃত্তির অর্থ তুলে দেন।