দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে এই চেষ্টা রুখে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয়রা।
সীমান্তের ৪৯ নম্বর পিলারের পাশ দিয়ে শুক্রবার ভোর পাঁচটার দিকে এই পুশ-ইনের চেষ্টা চালানো হয়।
বিজিবি জানায়, ওই ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছেন।
বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে যেই ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছে তারা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় সীমান্তবাসীও সহযোগিতা করছেন।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, “শুক্রবার ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে”।
প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “১২ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল, তবে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি”।
তিনি আরও বলেন, “তারা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছে। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে”।