আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট।
নগরীর ময়লাপোতা মোড় এলাকার এই বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে খুলনা সদর ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। রাত ৯টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
প্রাথমিকভাবে খুলনা সদর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরিস্থিতি বিবেচনায় পরে আরও ৬টি ইউনিট সহায়তার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলটি খুলনা সদর ফায়ার স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত সংক্রান্ত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে পুলিশ সদস্য ও স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সহায়তা করছেন।