গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কাশিমপুর কারাগারের চার দেয়ালের ভেতরেও লেগেছে ফুটবল বিশ্বকাপের আনন্দের ছোঁয়া। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। সারাবিশ্বে ফুটবলপ্রেমীদের মতো খেলা দেখবেন কয়েদিরাও।
কারাগার সূত্র জানায়, কারাগারের বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত টেলিভিশনের মাধ্যমে বন্দিরা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো উপভোগ করতে পারবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচারিত বিশ্বকাপ ফুটবল ম্যাচগুলো দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যেখানে বিটিভিতে দেখা যাবে না, সেখানে প্রজেক্টের মাধ্যমে দেখানো হবে ৷
কারাগার কর্মকর্তারা জানান, বন্দিদের বিনোদন ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হয়। বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের উদ্যোগও তারই অংশ। কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বন্দিদের খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মোঃ জাকির হোসেন বলেন, “আমাদের কারাগারে খেলা দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিভিশনের সংকট রয়েছে, এজন্য প্রয়োজনে প্রজেক্টের মাধ্যমে খেলা দেখানো হবে”।
কাশিমপুর কারাগার-২ এর জেলার মোঃ আবুল হোসেন বলেন, “আমাদের কারাগারে সাড়ে ৩ হাজারের মতো কয়েদি রয়েছে। এদের মধ্যে যারা খেলা দেখতে চায় তারা দেখতে পারবে। ৯৫ শতাংশ সেলে বিটিভে রয়েছে, সবগুলোতে খেলা দেখার ব্যবস্থা করা হব”।
গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “কারাগারে বন্দিরাও খেলা দেখবে। ইতোমধ্যে জেলা কারাগার ও কাশিমপুর কারাগারে খোঁজ নেওয়া হয়েছে। টেলিভিশনের সংকট থাকলেও সেটিও সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে”।