সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। প্রবা ফটো
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে শিক্ষকদের পক্ষ থেকে সঠিক বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
শিক্ষার্থীরা ও স্থানীয় লোকজন জানান, গত ৯ জুন অ্যাডহক কমিটির সভাপতি আবুল কালাম শামসুদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। ওইদিন পুরনো পদত্যাগ করা প্রধান শিক্ষক কহিনুর ইসলাম পুনরায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত। এ বিষয়ে সিনিয়র সহকারী শিক্ষক মনজুরুল আলম প্রতিবাদ করেন এবং তিনি বলেন শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বলে বিষয়টি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এমন পরিস্থিতিতে ওই শিক্ষকের ওপর কয়েকজন বহিরাগত সন্ত্রাসী পরিকল্পিত হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘শিক্ষকের ওপর হামলা কেন? জবাব চাই, বিচার চাই’, ‘সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ এবং ‘হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে’Ñ এমন বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে।
শিক্ষার্থীরা বলে, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। একজন শিক্ষকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি শিক্ষাব্যবস্থা ও সভ্য সমাজের ওপর আঘাত। বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের প্রবেশ করে একজন শিক্ষককে মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।