নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
নড়াইল সদর হাসপাতালে ভর্তি আহত জামায়াত নেতা আব্দুর রহিম। প্রবা ফটো
নড়াইলে একটি গ্রাম্য সালিশ বৈঠকের মধ্যে জামায়াতের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে নড়াইল পৌর এলাকার ডুমুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. আব্দুর রহিম ডুমুরতলা জামায়াত ওয়ার্ড ইউনিটের সাধারণ সম্পাদক এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরতলা গ্রামের ঈদগাহপাড়া এলাকার আশিক মোল্যা ও তার ভাই রাজু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। বুধবার আশিক তার ভাই রাজুর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর পাশাপাশি রাজু ও তাদের বাবাকে মারধর করেন। এ ঘটনায় বিচার চেয়ে রাজু ও তার বাবা স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করেন। বৃহস্পতিবার সকালে ওই বৈঠক শুরু হলে বিষয়টি মীমাংসার জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসেবে আব্দুর রহিমকে সেখানে ডাকা হয়। সালিশ চলাকালে একপর্যায়ে আশিক বৈঠক থেকে উঠে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আব্দুর রহিম তাকে থামানোর জন্য হাত ধরে টান দিলে আশিকের কাছে থাকা একটি ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ‘ডুমুরতলা এলাকায় সালিশ বৈঠকে একজনকে কুপিয়ে আহত করার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’