× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আট বছর পর আবারও আলোচনায় ‘ব্রাজিল বাড়ি’

যশোর প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

যশোরের চৌগাছার আলোচিত সেই ‘ব্রাজিল বাড়ি’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরের চৌগাছার আলোচিত সেই ‘ব্রাজিল বাড়ি’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরের চৌগাছায় ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের সময় ব্রাজিলের পতাকার রঙে রাঙানো সেই আলোচিত ‘ব্রাজিল বাড়ি’ নজর কাড়ছে ফুটবল প্রেমীদের। সময়ের বিবর্তনে বাড়ির রং হয়তো কিছুটা মলিন হয়েছে, তবে দলের প্রতি ভালোবাসা একটুও কমেনি বাড়ির মালিক ও কট্টর ব্রাজিল ভক্ত জামির হোসেনের।

চৌগাছা-কোটচাঁদপুর সড়কের ইছাপুর বটতলায় অবস্থিত এ বাড়িটি এখন ওই এলাকার এক পরিচিত নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, জামির হোসেন চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের বাসিন্দা। তবে তিনি ইছাপুর বটতলার এ নিজস্ব ভবনেই পরিবার নিয়ে বসবাস করেন। ২০১৮ সালে বিশ্বকাপ উন্মাদনার সময় নিজের দোতলা (বর্তমানে তিনতলা) বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছিলেন তিনি। বর্তমানে বাড়িটির নিচতলায় ‘ওয়েভ ফাউন্ডেশন’ নামের একটি এনজিওর অফিস এবং দ্বিতীয় তলায় জামির তার পরিবার নিয়ে থাকেন তিনি। চৌগাছা শহরের বাসস্ট্যান্ডে ‘ফেমাস অটো’ নামে একটি মোটরসাইকেলের শোরুম এবং একটি টিভি-ফ্রিজের শোরুম রয়েছে জামিরের। ছোটবেলায় থেকেই তিনি ফুটবলপ্রেমী ছিলেন। সেই প্রেম থেকে ব্রাজিল ফুটবল দলের ভক্ত তিনি।

জামির হোসেন বলেন, “আমি ছোটবেলায় ফুটবল খেলতাম। ফুটবল আমার খুব ভালো লাগে। এবং কোন বিশ্বকাপ ফুটবল আমি মিস করতাম না। সেই থেকে ব্রাজিল দলকে আমি অনেক ভালবাসি। এ ভালবাসা থেকে ২০১৮ সালের বিশ্বকাপের আগে ব্রাজিলের পতাকার রঙে নিজের বাড়িটিকে রাঙিয়েছি। এখনও বাড়িটিতে সেই রংই আছে। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে সেই বাড়িটিকে আবারো রং করেছি। আর শহরের সবাই আমার বাড়িটিকে ব্রাজিল বাড়ি হিসেবে চেনে। এবার ব্রাজিলের সমর্থনে আমরা কয়েক বন্ধু মিলে মোটরসাইকেল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে । দুশ’ থেকে তিনশ’ মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা হবে। ২০১৮ সালের বিশ্বকাপে ৭০ হাজার টাকা খরচ করে বাড়িটিতে এ রং দিয়েছিলাম। পাশাপাশি ২০ হাজার টাকার ব্রাজিলের জার্সিও কিনেছিলাম। কিন্তু দল বেশিদূর যেতে পারেনি। তাই এখনও সেই সময়ের ৭৫টি জার্সি রয়েছে। এগুলো নিয়ে এবার শোভাযাত্রা হব”।

তিনি আরও বলেন, “খেলার মাঠে হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনাও ভালো ফুটবল খেলুক। পক্ষ- বিপক্ষের খেলার মধ্যে উত্তেজনা থাকবে। তাই বলে এই খেলা থেকে যাতে ভক্তদের মধ্যে সংঘাত না হয় সেদিকে কঠোর নজর রাখা দরকার”।

স্থানীয় শিক্ষক নজরুল ইসলাম বলেন, “আগের দিনে ছেলে মেয়েদের খেলার প্রতি একটা অন্যরকম ভক্তি- ভালোবাসা ছিল। সেই ভালোবাসা থেকেই কেউ ব্রাজিলের পতাকার রংয়ের বাড়ি, কেউ আর্জেন্টিনা, কেউবা ফ্রান্সের পতাকা রঙে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতো। এই বাড়িটি তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তবে এখনকার ছেলেমেয়েদের মধ্যে তেমনটা লক্ষ্য করা যায় না। এখনকার ছেলে মেয়েরা মোবাইলে ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে। যে কারণে দিন দিন খেলাধুলার প্রতি আকৃষ্টতা কমে যাচ্ছে। এর ফলে দেশে নতুন নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে না”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা