শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
শেরপুর সরকারি কলেজ মাঠে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে সারা দেশের মতোই উত্তাপ ছড়িয়েছে সীমান্তবর্তী জেলা শেরপুরেও। ফুটবল উন্মাদনার ছোঁয়া পৌঁছেছে শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। বাদ যায়নি শিক্ষা প্রতিষ্ঠানেও। শেরপুর সরকারি কলেজ মাঠে ব্রাজিল সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করতে জার্সি পরে, বাঁশি হাতে পতাকা নিয়ে বৃহস্পতিবার দুপুরে আনন্দ র্যালিতে অংশ নেন। পরে পতাকা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সমর্থকরা।
শেরপুর সরকারি কলেজ ব্রাজিল ফ্যানদের উদ্যোগে ব্যান্ড পার্টিসহ তিন শতাধিক ভক্ত এই আনন্দ র্যালিতে অংশ নেন। ঢাক-ঢোল, স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস ও শহর। আনন্দ র্যালি প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে শেষ হয়।
শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী দিশা বলেন, “ব্রাজিল মানেই নান্দনিক ফুটবল। এবারের দলটি এবার বিশ্বকাপ জয়ের দাবিদার। আমাদের প্রত্যাশা, ব্রাজিল ষষ্ঠ শিরোপা জিতে ‘হেক্সা’ পূরণ করবে”।
নাঈম হাসান উজ্জ্বল বলেন, “নেইমারের নেতৃত্বে ব্রাজিল দল এবারও শৈল্পিক খেলা উপহার দিবে এবং বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করবে”।
আয়োজকরা বলেন, “ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই আমাদের এই আয়োজন। এই ধরনের আনন্দর্যালি কলেজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও বাড়িয়ে তুলবে। এখানে আজ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের একটা মিলনমেলা হয়েছে। এমন আয়োজন আগামীতেও থাকবে”।
র্যালির আয়োজনে ছিলেন মেহের খান অপু, জাকির হোসেন, আব্দুল আলিমসহ অনেকে।