দিনাজপুরের হাকিমপুরে জব্দ করা যৌন উত্তেজক অবৈধ সিরাপ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের হাকিমপুরে পুলিশের অভিযানে ৪ লাখ ২৬ হাজার ২৪০ টাকার সমপরিমাণ যৌন উত্তেজক অবৈধ সিরাপ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী মামলা দায়ের করেছে পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ১০টার দিকে হাকিমপুর পৌরসভার রাউতারা গ্রামে অভিযান পরিচালনা করে হাকিমপুর থানা পুলিশ।
এ সময় মাহাফুজার রহমান মিলন নামে একজনের তল্লাশি চালানো হয় বলেও জানায় সূত্রটি।
সুত্র জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. মাহাফুজার রহমান মিলন (২৮) ও মো. আরিফুল হাসান (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ দাবি করে, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৩৭৬ বোতল ‘জিনসি (শরবত জিনসিন)’ এবং ৭৬৮ বোতল ‘একে এল-ওয়ান সিরাপ’ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৬ হাজার ২৪০ টাকা। এর মধ্যে জিনসি সিরাপের মূল্য ৩ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা এবং একে এল-ওয়ান সিরাপের মূল্য ৭৬ হাজার ৮০০ টাকা।
পুলিশের দাবি, পণ্যগুলো ঔষধ হিসেবে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখা হয়েছিল।
এ কারণে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয় বলেও উল্লেখ করে পুলিশ।
এ ঘটনায় হাকিমপুর থানায় মামলা নং-১২/১১৬, তারিখ ১১ জুন ২০২৬, ধারা ১৪(১), ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।
ওসি জাকির হোসেন বলেন, অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলাটির তদন্ত করছেন হাকিমপুর থানার এসআই (নিরস্ত্র) ওমর ফারুক বলেও জানান তিনি।