নারায়ণগঞ্জ অফিস ও মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ৪ ঘণ্টা আগে
বিস্ফোরণে পর রান্নাঘরের অবস্থা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর ৫নং ওয়ার্ডে মৃত হান্নার মিয়ার ছেলে আক্তার হোসেনের বাড়িতে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
এঘটনায় গুরুতর আহত তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দুগ্ধরা হলেন আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৩৫), তার ছেলে সিয়াম (১৯), তার আরেক মেয়ে মিম (১৩) ও অন্য পরিবারের এক শিশু হযরত আলী (৮)।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছে। ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের মদনপুর থেকে আগুনের ঘটনায় একই পরিবারসহ পাঁচজন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে সুলতানা আক্তারের ৯০ শতাংশ দগ্ধ, তার ছেলে সিয়ামের ৭৭ শতাংশ দগ্ধ, মেয়ে মিমের ৪১ শতাংশ দগ্ধ, স্বামী আব্দুল মান্নানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। হযরত আলী নামে অন্য পরিবারের সদস্য এক শিশুর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৪ জনকে ভর্তি দেওয়া হয়েছে। শিশু আলীকে অবজারভেশনে রাখা হয়েছে।
চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।