মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১১ জুন ২০২৬ ১৩:০৭ পিএম
আপডেট : ১১ জুন ২০২৬ ১৩:২০ পিএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের কয়েকজন জানান, ভোররাতে কয়েকজন মৎস্যশিকারি মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথে শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে অটোরিকশাটিকে চাপা দেয়।
এ সময় দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
ওই সময় অটোরিকশায় থাকা আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় ট্রাক এবং ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।