নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পানিতে ডুবে আপন দুই ভাই-বোন নিহত হয়েছে। প্রবা ফটো
নড়াইলে চার ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশু মারা গেছে। বুধবার (১০ জুন) সকালে ও দুপুরে এসব ঘটনা ঘটে।
নড়াইল পৌরসভায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই মারা গেছে। বুধবার সকালে পৌরসভার ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর পরিবারটি। মারা যাওয়া ওই দুই শিশুর নাম আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)। তারা পৌরসভার ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের সন্তান।
পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকালে ছোট ছেলে ওমর ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েছিলেন তাদের মা। সেই সুযোগে কোনো এক সময় ঘর থেকে বাইরে খেলতে চলে যায় আবু বক্কর ও ওমর ফারুক। সকাল ১০টার দিকে তাদের মায়ের ঘুম ভাঙে। এ সময় দুই সন্তানকে বাড়িতে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছের একটি পুকুরে খুঁজতে নামেন স্থানীয়রা। তখন পুকুর থেকে আবু বক্কর ও ফারুককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু বলেন, দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি খুবই বেদনাদায়ক। ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরদিকে একই দিন জেলা সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামে পানিতে ডুবে আব্দুর রহমান নামে দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। সিঙ্গাশোলপুর ইউপি সদস্য শেখর বিশ্বাস বলেন, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে একটি পানিভর্তি গর্তে পড়ে যায় শিশুটি। পরে গর্ত থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।