বগুড়া অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
বগুড়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও ভাষাসৈনিক ডা. মকবুল হোসেন। প্রবা ফটো
বগুড়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও ভাষাসৈনিক ডা. মকবুল হোসেন মারা গেছেন। বুধবার (১০ জুন) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ১০২ বছর। তার নাতি রেজাউল করিম রয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ডা. মকবুল হোসেন বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরে ২০১৭ সালে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। মেয়াদ শেষে ২০২২ সালে তিনি আবার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পান। পরবর্তী নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সিনিয়র সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন।
ভাষা আন্দোলনে অবদানের কারণে তিনি ভাষাসৈনিক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।