ফেনী প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
ফেনী জেলা জজ আদালত। প্রবা ফটো
ফেনীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক ও স্ত্রীর বিরুদ্ধে স্বামীর চুরির মামলায় উভয় আসামিকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। বুধবার (১০ জুন) উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ফেনীর সোনাগাজীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।
পারস্পরিক মামলায় স্বামী-স্ত্রীকে জেলহাজতে পাঠানোর ঘটনা জানাজানির পর এলাকাজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবরে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের ২ মাস পর স্ত্রী নাসিমা আক্তার ৪ ভরি স্বর্ণালংকার চুরি করে বাবার বাড়িতে চলে যান। এ ঘটনায় স্বামী সুমন বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে ফেনীর আদালতে চুরির মামলা দায়ের করেন। অপরদিকে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় স্ত্রী নাসিমা আক্তার বাদী হয়ে ফেনীর আদালতে স্বামী সুমনসহ শ্বশুর-শাশুড়িকে আসামি করে যৌতুক আইনে মামলা করেন।
উভয় মামলা সোনাগাজী কোর্টের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিনের নজরে এলে তিনি স্বামী-স্ত্রী উভয় পক্ষকে আপস মীমাংসার সুযোগ দেন। আপস মীমাংসা না হওয়ায় বুধবার মামলার নির্ধারিত তারিখে স্বামী-স্ত্রী দুজনই আদালতে হাজির হন। এ সময় আদালত উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শুনে পারস্পরিক মামলায় স্বামী-স্ত্রী উভয়কে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ফেনীতে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। আবুল কালাম নামের সোনাগাজীর এক ব্যক্তি বলেন, স্ত্রী এবং স্বামী একে অপরের বিরুদ্ধে মামলা করেছেন, দুজনের মামলাই ভুয়া। আদালত বিচার-বিশ্লেষণ করে স্বামী-স্ত্রী দুজনকেই জেলহাজতে প্রেরণ করেছেন। এটি আদালতের সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে মনে করেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পারস্পরিক বিরোধের মামলায় স্বামী ও স্ত্রী দুজনকেই জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।