রাজশাহী অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
রাজশাহী কলেজ ক্যাম্পাসে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়ি। প্রবা ফটো
রাজশাহী কলেজ ক্যাম্পাসে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির একটি গাড়ি জব্দ করেছে মহানগর ছাত্রদল। এ সময় গাড়িটিতে থাকা শেখ মুজিবুর রহমান বিষয়ক এবং শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের লেখা ৩০০ বই জব্দ করা হয়েছে।
গাড়িটি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে নিয়ে যাওয়া হলে বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম গ্রন্থাগারের ইনচার্জকে এসব বই সরিয়ে ফেলার নির্দেশ দেন। পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ‘মুজিব ও স্বৈরাচারী হাসিনার বয়ান সংশ্লিষ্ট কোন গ্রন্থ, সাময়িকী ও প্রবন্ধ রাখা হবে না’ মর্মে মুচলেকাও নেয়া হয়।
রাজশাহী মগনগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা ভ্রাম্যমাণ পাঠাগারে বই পড়তে যান। এসময় পাঠাগারের বাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বই পাওয়া যায়। পরে বাসটিকে জেলা প্রশাসক কার্যালয়ে নেয়া হয়।
এসব বই নিষিদ্ধ কি না, এমন প্রশ্নে ছাত্রদলের এই নেতা বলেন, যারা দায়িত্বে আছেন, তারাই বলতে পারবেন। কুড়িগ্রামে কিন্তু সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে ফ্যাসিবাদের যে বইগুলো আছে, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু এখানে যারা দায়িত্বে ছিলেন তারা সেটা করেননি। যারা দায়িত্বে ছিলেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ভ্রাম্যমাণ লাইব্রেরির দায়িত্বরত লাইব্রেরিয়ান সাংবাদিকদের জানান, বইগুলো তারা আড়ালে রেখেছিলেন। তবে পাঠকরা খুঁজে পড়ে ঠিক জায়গায় না রাখায় হয়তো সেগুলো সামনে চলে এসেছিলো। তবে বই জব্দের এই ঘটনা নিয়ে কোনো কথা বলতে রাজি হননি রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন গ্রন্থাগার অধিদপ্তরের সহায়তায় বিশ্বসাহিত্য কেন্দ্র দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পটি চালাচ্ছে। সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎও করেন।