চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চকরিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে চলে প্রিয় দলকে নিয়ে তর্ক-বিতর্ক, খুনসুটি আর শ্রেষ্ঠত্বের লড়াই। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, পাড়া-মহল্লার আড্ডা থেকে কর্মক্ষেত্র, সর্বত্রই দেখা যায় দুই শিবিরের সমর্থকদের সরব উপস্থিতি। ঠিক তেমনি কক্সবাজারের চকরিয়ায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আনন্দ শোভাযাত্রায় চিরচেনা প্রতিদ্বন্দ্বিতা সম্প্রীতি, বন্ধুত্ব ও সৌহার্দ্যের বার্তা দিলেন চকরিয়ায় আর্জেন্টিনা সমর্থকেরা।
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চকরিয়ায় প্রথমবারের মতো আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মাতামুহুরি ব্রিজ থেকে বুধবার বিকাল সাড়ে তিনটায় এই শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চকরিয়া বাসটার্মিনালে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা ঘিরে দুপর থেকেই মাতামুহুরি ব্রিজে জড়ো হতে থাকেন আর্জেন্টিনা সমর্থকেরা। গায়ে আর্জেন্টিনার সাদা-আকাশি জার্সি, হাতে প্লেকার্ড, ফেস্টুন ও পতাকা। মাতামুহুরি ব্রিজ হয়ে ওঠে এক টুকরো আর্জেন্টিনা। তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পরে ব্যান্ডপার্টির সুর আর ঢাক-ঢোলের তালে তালে শোভাযাত্রা শুরু হয়।
আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজক ও চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: ফরহাদুল ইসলাম বলেন, “আর্জেন্টিনার খেলার প্রতি আকৃষ্ট হয়ে এ ধরনের আয়োজন। আমরা চাই সেই প্রতিদ্বন্দ্বিতা যেন কেবল মাঠেই সীমাবদ্ধ থাকে। খেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হোক, সেটিই আমাদের প্রত্যাশা”।
আর্জেন্টিনার অপর সমর্থক আনিসুল ইসলাম ফারুকী বলেন, “চকরিয়ায় এ ধরনের আয়োজন এই প্রথম। আমরা চেয়েছি সমর্থকদের এক প্ল্যাটফর্মে এনে বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করত ”।
চকরিয়া উপজেলা এনসিপি নেতা ও আর্জেন্টিনা সমর্থক সাঈদ হাসান সাঈদ বলেন, “আমরা এই আয়োজনের মাধ্যমে দেখাতে চেয়েছি, মাঠের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বাস্তবে আমরা সবাই বন্ধু”।
বিশ্বকাপের ঢামাঢোলে এখন শুধু খানিকটা অপেক্ষার পালা। মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা বরবরই অপ্রতিরোধ্য। চকরিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের এই শোভাযাত্রায় সমর্থকদের একসঙ্গে অংশগ্রহণ যেন ফুটবলের আরেকটি সৌন্দর্যই তুলে ধরেছে।