বিএসএফকে বিজিবি
জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ৫২ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিএসএফের এক সদস্যকে লক্ষ্য করে এক বিজিবি বলেন, “আপনি গুলি চালানোর কথা কেন বললেন?, আপনি গুলি চালালে আমি বসে থাকব?, আপনার কাছে গুলি আছে আমার কাছে নাই?”
স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর পাঁচটার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্ত দিয়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। কিন্তু তৎক্ষণিক বিষয়টি টের পেয়ে প্রতিরোধ গড়ে তোলেন জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা। সাথে যুক্ত হন কয়েক গ্রামের মানুষ।
বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে ওই ব্যক্তি সীমান্ত রেখার নো ম্যান্স ল্যান্ডে আটকা পড়েন।
ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে সকাল দশটায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। জামালপুর ৩৫ বিজিবির সরকারি পরিচালক এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের পরিদর্শকের নেতৃত্বে আধা ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে। তবে বৈঠকেও সমাধান মেলেনি।
শেষ পর্যন্ত ভারতের বিএসএফ ৬০ বছর বয়সী ঐ ব্যক্তিকে নিজেদের নাগরিক হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান এবং হাই লেভেলে বৈঠক করার কথা জানিয়ে ওই ব্যক্তিকে নো ম্যান্স ল্যান্ডে রেখেই চলে যান।
বিজিবি জানিয়েছে, বিএসএফ এক ব্যক্তিকে শূন্য রেখায় ঠেলে পাঠালেও পুশইনের যেকোনো চেষ্টা রুখে দিতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তারা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন।