রাজশাহী অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
উদ্ধারকাজে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ঘিরে উৎসুক জনতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রার দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোদ্দাসের হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, খাড়ইল মিলঘর এলাকায় ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। এসময় ঘটনাস্থলেই নিহত হন কেশরহাট শাখা ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত অন্তত ৫ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
মোহনপুর থানার ওসি মো. মোদ্দাসের হোসেন খান বলেন, “দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে”।