ফেনী প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
ফেনীর সোনাগাজীতে আইপিএস মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দুলাল (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ান মারা গেছেন।
উপজেলার চর মজলিশপুরে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
দুলাল জেলার দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর সেলিম চেয়ারম্যান বাড়ির মরহুম জালাল আহমদের ছেলে।
ফেনীর সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গ্রামের ওয়াহিদ উদ্দিনের বাড়িতে আইপিএসের কাজ করছিল দুলাল। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম জানান, হাসপাতালে আনার আগেই দুলালের মৃত্যু হয়েছে।
ফেনীর সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে আইপিএসের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুলালের মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।