মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে রাস্তার কাজ করা একটি ড্রাম ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী যাত্রীর মৃত্যু হয়। আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত ও আহতদের পরিচয় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।